ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সব মাদ্রাসায় বিশেষ কর্মসূচির নির্দেশ

ধর্ম
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সব মাদ্রাসায় বিশেষ কর্মসূচির নির্দেশ
২৪ আগস্ট ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসায় বিশেষ কর্মসূচি আয়োজনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

সোমবার (২৪ আগস্ট) অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিল ইসলাম প্রামাণিকের সই করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে দেশের সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ি প্রধানকে নির্দেশনাগুলো বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাঠপর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন তদারক করতে বলা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের প্রতিটি মাদ্রাসায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও কর্মের ওপর বিশেষ আলোচনা সভা এবং দোয়া মাহফিল আয়োজন করতে হবে।

এ ছাড়া ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদার মতো বিষয়গুলো সামনে রেখে হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।

মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান বাড়াতে কুইজ প্রতিযোগিতার আয়োজনের নির্দেশনাও রয়েছে।

আদেশে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এর আগে রোববার (২৩ আগস্ট) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে গত ১৩ আগস্ট অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের ভিত্তিতে ওই নির্দেশনা জারি করা হয়েছিল।