সাইয়্যিদুল ইস্তিগফার বা তওবার শ্রেষ্ঠ দোয়া
আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার অন্যতম মর্যাদাপূর্ণ দোয়া হলো সায়্যিদুল ইস্তিগফার। রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের এই দোয়া পাঠের জন্য উৎসাহিত করেছেন। হাদিসে এর বিশেষ ফজিলতের কথাও বর্ণিত হয়েছে।
হজরত শাদ্দাদ ইবনে আওস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে সায়্যিদুল ইস্তিগফার পাঠ করবে এবং সন্ধ্যার আগে মারা যাবে, সে জান্নাতিদের অন্তর্ভুক্ত হবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় দৃঢ় বিশ্বাসের সঙ্গে এটি পাঠ করবে এবং সকাল হওয়ার আগে মারা যাবে, সেও জান্নাতে প্রবেশ করবে।
—সহিহ বুখারি, হাদিস: ৬৩০৬
সায়্যিদুল ইস্তিগফারের দোয়া
আরবি:
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
উচ্চারণ
আল্লাহুম্মা আনতা রাব্বি, লা ইলাহা ইল্লা আনতা। খালাকতানি ওয়া আনা আবদুকা। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাতা‘তু। আউজু বিকা মিন শাররি মা সানা‘তু। আবু’উ লাকা বিনি‘মাতিকা আলাইয়্যা। ওয়া আবু’উ লাকা বি-জাম্বি। ফাগফিরলি, ফা-ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা।
বাংলা অর্থ
হে আল্লাহ! আপনিই আমার প্রতিপালক। আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনিই আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি সাধ্য অনুযায়ী আপনার সঙ্গে করা অঙ্গীকার ও প্রতিশ্রুতির ওপর অটল আছি।
আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। আমার ওপর আপনার দেওয়া সব নেয়ামত আমি স্বীকার করছি এবং আমার গুনাহের কথাও স্বীকার করছি। অতএব, আপনি আমাকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না।
কখন পড়বেন?
সায়্যিদুল ইস্তিগফার সকালে ও সন্ধ্যায় পড়া যায়। হাদিসে এর ফজিলত বর্ণিত হওয়ায় মুসলমানদের জন্য এটি নিয়মিত আমল হিসেবে গুরুত্ব বহন করে।
তবে শুধু মুখে পাঠ করাই নয়, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, নিজের ভুল ও গুনাহের জন্য অনুতাপ এবং ক্ষমা পাওয়ার আন্তরিক আকাঙ্ক্ষা নিয়েই এই দোয়া পাঠ করা উচিত।


