২০২৭ সালের হজে বিদেশি যাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালু করছে সৌদি আরব
২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য সমন্বিত প্যাকেজ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন ব্যবস্থায় হজযাত্রার প্রয়োজনীয় বিভিন্ন সেবা একটি ইলেকট্রনিক চুক্তির আওতায় আনা হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে পৌঁছানো থেকে শুরু করে হজ শেষে নিজ দেশে ফিরে যাওয়া পর্যন্ত যাত্রাপথের বিভিন্ন সেবা এই প্যাকেজের আওতায় থাকবে। ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে প্যাকেজটি পরিচালনা করা হবে।
সমন্বিত প্যাকেজে চারটি প্রধান সেবা রাখা হয়েছে। এগুলো হলো—পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সেবা, মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত এবং খাবারের ব্যবস্থা। এর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কিছু সুবিধা নেওয়ার সুযোগও থাকবে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় বিদেশি হজবিষয়ক দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বিভিন্ন শ্রেণির হজযাত্রীর প্রয়োজন অনুযায়ী নিজেদের কর্মসূচি সাজাতে পারবে। এ জন্য নির্দিষ্ট কাঠামোর পাশাপাশি নমনীয় চুক্তির ব্যবস্থাও রাখা হয়েছে।
সৌদি আরবের ১৪৪৮ হিজরি সালের হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির ‘ভিশন ২০৩০’-এর লক্ষ্য এবং হজযাত্রীদের সামগ্রিক অভিজ্ঞতা উন্নয়নের কর্মসূচির সঙ্গেও নতুন প্যাকেজটি সামঞ্জস্যপূর্ণ বলে জানিয়েছে মন্ত্রণালয়।
ইতোমধ্যে ১৪৪৮ হিজরি সালের হজের প্রস্তুতিও শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ৭৫টির বেশি দেশের হজবিষয়ক দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। এসব বৈঠকে হজ পরিচালনার পরিকল্পনা, বিধিবিধান ও প্রয়োজনীয় শর্তাবলি পর্যালোচনা করা হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে হজ ব্যবস্থাপনায় ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছে সৌদি আরব। মন্ত্রণালয়ের বিভিন্ন ইলেকট্রনিক প্ল্যাটফর্মে চুক্তি, কার্যক্রম পরিচালনা ও ভিসাসংক্রান্ত প্রক্রিয়াগুলোকে সমন্বিত করা হয়েছে।
নতুন সমন্বিত প্যাকেজের মাধ্যমে হজ ব্যবস্থাপনায় সেবাগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয় তৈরি এবং হজযাত্রী ও সেবাদানকারী সংস্থাগুলোর কার্যক্রম সহজ করার লক্ষ্য নিয়েছে সৌদি আরব।


