স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়? ইসলাম কি বলে

ধর্ম
স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ ডাকলে কি বিয়ে ভেঙে যায়? ইসলাম কি বলে
১৩ অক্টোবর ২০২৬

স্বামী স্ত্রীকে ‘বোন’ বলে ডাকেন, আবার স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করেন—এমন ঘটনা অনেক পরিবারেই দেখা যায়। কেউ স্নেহ থেকে, কেউ অভ্যাসবশত, আবার কেউ মজা করেও এভাবে সম্বোধন করেন। তবে প্রশ্ন হলো, এমন সম্বোধনে কি স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্কে কোনো পরিবর্তন আসে? ইসলামি শরিয়তে এ বিষয়ে কী বলা হয়েছে?

ইসলামি ফিকহ অনুযায়ী, স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ বলে ডাকলেই স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক ভেঙে যায় না। তবে স্বামী স্ত্রীকে এভাবে সম্বোধন করার সময় কী উদ্দেশ্য নিয়েছেন এবং কথাটি কোন প্রেক্ষাপটে বলেছেন, তার ওপর কিছু ক্ষেত্রে শরয়ি বিধান নির্ভর করতে পারে।

হানাফি ফিকহভিত্তিক ফতোয়া অনুযায়ী, স্ত্রী স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করলে তা জিহার হিসেবে গণ্য হয় না। এতে বিবাহবন্ধনেরও কোনো পরিবর্তন ঘটে না।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ বিষয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ বলেছেন, স্বামীকে ‘ভাই’ বা স্ত্রীকে ‘বোন’ বলে ডাকা অনুচিত। একটি হাদিসের প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান, রাসুলুল্লাহ (সা.)-এর সামনে এক সাহাবি তাঁর স্ত্রীকে এভাবে সম্বোধন করলে তিনি বিষয়টি পছন্দ করেননি।

সুতরাং, শুধু ‘ভাই’ বা ‘বোন’ বলে সম্বোধন করার কারণে স্বামী-স্ত্রীর সম্পর্কের অবসান ঘটে না। তবে এ ধরনের সম্বোধন এড়িয়ে চলাই উত্তম। আর স্বামীর কথায় জিহার বা অন্য কোনো শরয়ি বিধান প্রযোজ্য হয়েছে কি না, তা নির্ধারণে কথার প্রকৃত অর্থ, উদ্দেশ্য ও প্রেক্ষাপট বিবেচনা করা জরুরি। এ বিষয়ে নির্দিষ্ট কোনো ঘটনা থাকলে নির্ভরযোগ্য আলেম বা মুফতির পরামর্শ নেওয়া উচিত।