তাসকিন-মিরাজের তোপে ম্যাচে ফিরেছে বাংলাদেশ

খেলাধুলা
তাসকিন-মিরাজের তোপে ম্যাচে ফিরেছে বাংলাদেশ
নিউজ ডেস্ক
১০ মে ২০২৬

দ্বিতীয় দিনের পুরোটা দাপট দেখানোর পর তৃতীয় দিনের প্রথম সেশনে চাপে পড়েছে পাকিস্তান। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে দ্রুত চার উইকেট হারিয়ে ম্যাচে কিছুটা নিয়ন্ত্রণ হারিয়েছে সফরকারীরা।

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম সেশন শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ২৭১ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনও ১৬২ রানে পিছিয়ে রয়েছে তারা।

দিনের শুরুতে পাকিস্তান ভালো অবস্থানে থাকলেও দ্রুত বদলে যায় দৃশ্যপট। টেস্ট অভিষেকে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেন পাকিস্তানি ব্যাটার আজান আওয়াইজ। তিনি ১৪টি চার মেরে ১০৩ রান করেন। তবে সেঞ্চুরির পর তাসকিন আহমেদের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। তার বিদায়ে ভাঙে আওয়াইজ ও আব্দুল্লাহ ফজলের ১০৪ রানের জুটি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। দলীয় ২২৬ রানে তাসকিনের শিকার হন অধিনায়ক শান মাসুদ। মাত্র ৯ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এরপরই আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। রান খাতা খোলার আগেই সৌদ শাকিলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি।

চাপ সামাল দেওয়ার আগেই আরও একবার পাকিস্তানকে ধাক্কা দেন মিরাজ। দলীয় ২৩৩ রানে সেট ব্যাটার আব্দুল্লাহ ফজলকে ফেরান তিনি। ৬০ রান করা ফজল তাইজুল ইসলামের হাতে ক্যাচ তুলে দিলে পঞ্চম উইকেট হারায় সফরকারীরা।

লাঞ্চ বিরতিতে পাকিস্তানের হয়ে অপরাজিত আছেন সালমান আলী আগা ১২ ও মোহাম্মদ রিজওয়ান ৮ রানে।

তৃতীয় দিনের প্রথম সেশনে ৭২ রান তুলতে গিয়ে ৪ উইকেট হারিয়ে এখন চাপে রয়েছে পাকিস্তান। অন্যদিকে তাসকিন ও মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে দারুণভাবে ফিরে এসেছে বাংলাদেশ।