তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেউই খেলতে চায় না: টুখেল

খেলাধুলা
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেউই খেলতে চায় না: টুখেল
১৬ জুলাই ২০২৬

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল। তার মতে, সেমিফাইনালে হারের পর কোনো দলই তৃতীয় হওয়ার লড়াইয়ে নামতে আগ্রহী থাকে না। ইংল্যান্ড ও ফ্রান্স—দুই দলই মূলত ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই খেলেছিল।

আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে পরাজয়ের ফলে ফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায় ইংল্যান্ডের। এখন মায়ামিতে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে তারা। তবে এই ম্যাচকে টুখেল ‘অনাকাঙ্ক্ষিত দায়িত্ব’ হিসেবেই দেখছেন।

সংবাদ সম্মেলনে জার্মান এই কোচ বলেন, “আমাদের কোনো খেলোয়াড়ই এই ম্যাচ খেলতে চায় না, ফ্রান্সের খেলোয়াড়রাও চায় না। সবাই বিশ্বকাপের ফাইনাল খেলতে চেয়েছিল। সেই লক্ষ্য পূরণে আমরা সর্বোচ্চটা দিয়েছি।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, সেমিফাইনালের মতো উচ্চচাপের ম্যাচের পর খেলোয়াড়দের মানসিক ও শারীরিকভাবে আবার প্রস্তুত করা অত্যন্ত কঠিন। তার ওপর ফ্রান্সের তুলনায় ইংল্যান্ড এক দিন কম বিশ্রামের সুযোগ পেয়েছে। তবুও দল পেশাদারিত্বের সঙ্গে ম্যাচটি খেলবে বলে জানান তিনি।

তবে হতাশার মধ্যেও নিজের দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট টুখেল। তার ভাষায়, বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা নিজেই একটি বড় অর্জন, কারণ বিশ্বের অনেক শক্তিশালী দল এর আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

তিনি বলেন, “পরবর্তী বিশ্বকাপের জন্য আমাদের আরও চার বছর অপেক্ষা করতে হবে। তাই সেমিফাইনালে পৌঁছানো অবশ্যই একটি সাফল্য। যদিও এই মুহূর্তে সেটা শুনতে কারও ভালো লাগবে না, আমারও না। কারণ আমরা নিজেদের কাছ থেকে আরও বেশি কিছু প্রত্যাশা করেছিলাম।”

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে অনাগ্রহ প্রকাশ করলেও, শেষ পর্যন্ত ইতিবাচক ফল নিয়ে বিশ্বকাপ শেষ করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ইংল্যান্ড বলে জানিয়েছেন টমাস টুখেল।