ফিফা দুর্নীতি মামলায় ঘুষ দেওয়ার কথা স্বীকার আর্জেন্টিনার দুই কর্মকর্তার

খেলাধুলা
ফিফা দুর্নীতি মামলায় ঘুষ দেওয়ার কথা স্বীকার আর্জেন্টিনার দুই কর্মকর্তার
২৯ আগস্ট ২০২৬

ফিফা দুর্নীতি মামলায় দীর্ঘ আইনি লড়াইয়ের পর ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন আর্জেন্টিনার ক্রীড়া বিপণন ব্যবসায়ী হুগো জিংকিস ও তার ছেলে মারিয়ানো জিংকিস। বিভিন্ন আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের লাভজনক মিডিয়া ও বিপণন স্বত্ব পেতে ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগ মেনে নিয়েছেন তারা।

মার্কিন বিচার বিভাগের সঙ্গে সমঝোতার মাধ্যমে মামলাটি নিষ্পত্তির পথে এগিয়েছে। সম্প্রতি আদালতে জমা দেওয়া নথিতে বলা হয়েছে, ডিফার্ড প্রসিকিউশন এগ্রিমেন্টের আওতায় জিংকিসদের বিরুদ্ধে আনা কিছু জালিয়াতির অভিযোগ প্রত্যাহারে সম্মত হয়েছে মার্কিন প্রসিকিউশন। এর বিনিময়ে ফিফা, কনকাক্যাফ ও কনমেবলকে প্রতারিত করার ষড়যন্ত্রে জড়িত থাকার দায় স্বীকার করেছেন বাবা-ছেলে।

সমঝোতার অংশ হিসেবে জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্তসহ মোট ৫ কোটি মার্কিন ডলার দিতে সম্মত হয়েছেন তারা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মামলার নথি অনুযায়ী, বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার মতো বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার মিডিয়া ও বিপণন স্বত্ব নিজেদের প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে নিতে সংশ্লিষ্ট ফুটবল কর্মকর্তাদের নিয়মিত বাণিজ্যিক ঘুষ দেওয়া হতো।

হুগো ও মারিয়ানো জিংকিস আর্জেন্টিনাভিত্তিক ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান ‘ফুল প্লে’-এর সহ-মালিক ছিলেন। ২০১৫ সালে মার্কিন বিচার বিভাগ ও এফবিআইয়ের সমন্বয়ে পরিচালিত বড় ধরনের অভিযানে ফিফা, কনকাক্যাফ ও কনমেবলের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর তাদের নামও সামনে আসে।

ওই সময়ের ফিফা দুর্নীতি কেলেঙ্কারি বিশ্ব ফুটবলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অর্থপাচার ও বিভিন্ন বাণিজ্যিক চুক্তিতে অনিয়মের অভিযোগ ওঠে।

দীর্ঘদিন ধরে চলা আইনি প্রক্রিয়ার পর জিংকিসদের এই স্বীকারোক্তি লাতিন আমেরিকার ফুটবলের বাণিজ্যিক স্বত্ব নিয়ে চলা দুর্নীতির আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় সামনে নিয়ে এসেছে। ৫ কোটি ডলারের সমঝোতার মধ্য দিয়ে মামলাটির একটি বড় পর্বের নিষ্পত্তি হতে যাচ্ছে।