এশিয়ান গেমস কাবাডি

দুই ম্যাচে জয়, পদকের স্বপ্নে এগিয়ে বাংলাদেশ

খেলাধুলা
দুই ম্যাচে জয়, পদকের স্বপ্নে এগিয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

২১ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে বাংলাদেশের পদকের সম্ভাবনার আলোচনায় কাবাডির নাম বরাবরই থাকে। তবে দীর্ঘদিন ধরে সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি পুরুষ কাবাডি দল। সর্বশেষ ২০০৬ সালের দোহা এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। এরপর চারটি আসর পেরিয়ে গেলেও পদক অধরাই ছিল। এবার অবশ্য শুরুতেই টানা দুই জয়ে সেই অপেক্ষা শেষ করার সম্ভাবনা জোরালো করেছে দলটি।

জাপানের টোকাই সিটিজেন জিমনেশিয়ামে গ্রুপ ‘এ’-তে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৩৯–৩৫ পয়েন্টে হারায় বাংলাদেশ। একই দিন বিকেলে চায়নিজ তাইপের বিপক্ষেও জয় পেয়েছে তারা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতেছে ৪৮–৪৭ পয়েন্টে।

টানা দুই জয়ে বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট। এতে গ্রুপ ‘এ’-তে শীর্ষস্থানেও রয়েছে দলটি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়। প্রথমার্ধ শেষে ১৭–১৬ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পর আরও ২২ পয়েন্ট সংগ্রহ করে জয় নিশ্চিত করে তারা।

চায়নিজ তাইপের বিপক্ষেও প্রথমার্ধে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রথম ২০ মিনিট শেষে স্কোর ছিল ২৪–২০। দ্বিতীয়ার্ধে চায়নিজ তাইপে ২৭ পয়েন্ট তুলে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত এক পয়েন্টের ব্যবধান ধরে রেখে ৪৮–৪৭ পয়েন্টে জয় পায় বাংলাদেশ।

দুই ম্যাচে বাংলাদেশের মোট পয়েন্ট ৮৭। বিপরীতে প্রতিপক্ষরা পেয়েছে ৮২ পয়েন্ট।

গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ স্বাগতিক জাপান। আগামীকাল বিকেল ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এই ম্যাচে জয় পেলে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার পাশাপাশি ব্রোঞ্জ পদকও নিশ্চিত হবে। এরপর ২৩ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

পুরুষ কাবাডিতে বাংলাদেশের সর্বশেষ এশিয়ান গেমস পদক এসেছিল ২০০৬ সালে দোহায়। সেবার ব্রোঞ্জ জিতেছিল দলটি। এর আগে ১৯৯৮ সালের ব্যাংকক এশিয়ান গেমসেও ব্রোঞ্জ পদক পেয়েছিল বাংলাদেশ।

তবে ২০০৬ সালের পর ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২—টানা চারটি এশিয়ান গেমসে পদকশূন্য থাকতে হয়েছে বাংলাদেশকে। এবার শুরুতেই দুই জয় সেই দীর্ঘ অপেক্ষার অবসানের নতুন আশা তৈরি করেছে।