সরবরাহ সংকটে চড়া দামে নিত্যপণ্য, বৃষ্টি-বন্যার প্রভাব বাজারজুড়ে

সরবরাহ সংকটে চড়া দামে নিত্যপণ্য, বৃষ্টি-বন্যার প্রভাব বাজারজুড়ে

টানা বৃষ্টিপাত ও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। সবজি, মাছ, ডিম, পেঁয়াজ ও কাঁচামরিচসহ বেশিরভাগ পণ্যের দাম গত এক সপ্তাহের ব্যবধানে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা, বিশেষ করে নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষ।

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। কাঁচামরিচের দাম সবচেয়ে বেশি বেড়েছে। কয়েকদিন আগেও যেখানে কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা কেজি ছিল, সেখানে এখন তা বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়।

পেঁয়াজের বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। ভালো মানের পেঁয়াজ বর্তমানে ৬০ টাকা কেজি এবং মাঝারি মানের পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে কেজিতে প্রায় ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে ডিম ও মুরগির দামও বেড়েছে। ফার্মের ডিম ডজনপ্রতি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েকদিন আগেও ছিল ১৩০ টাকা। ব্রয়লার মুরগির কেজি ১৯০ থেকে ২১০ টাকা এবং সোনালি মুরগি ৩৫০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও একই চিত্র। রুই, তেলাপিয়া, পাঙাশ, পাবদাসহ প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ১০০ টাকার বেশি বেড়েছে। সরবরাহ কমে যাওয়াকে এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করছেন বিক্রেতারা।

ক্রেতাদের অভিযোগ, প্রতিদিনই নিত্যপণ্যের দাম বাড়ছে, অথচ আয় একই থাকায় সংসারের খরচ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। তারা বাজারে কার্যকর তদারকি ও সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।