মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ডলারভর্তি ব্যাগ ছিনতাই

রাজধানী
মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ডলারভর্তি ব্যাগ ছিনতাই
নিউজ ডেস্ক
৭ জুন ২০২৬

রাজধানীর মতিঝিলে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে দেশি-বিদেশি মুদ্রাসহ একটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রোববার বিকেলে শাপলা চত্বর সংলগ্ন জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম লোকমান হোসেন (৪৫)। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বিকেল সোয়া ৩টার দিকে লোকমান হোসেন শাপলা চত্বর এলাকায় যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে আসা ছয় দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, আহত ব্যক্তির হাতের কনুইয়ের নিচে একটি এবং হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, ছিনিয়ে নেওয়া ব্যাগে দেশি-বিদেশি মুদ্রা এবং ডলার ছিল।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হারুন অর রশিদ জানান, ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী ব্যাগে প্রায় ১৭ হাজার মার্কিন ডলার ছাড়াও দেশি-বিদেশি মুদ্রা ছিল। তিনি বিভিন্ন স্থানে মুদ্রা বিনিময়ের খুচরা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তদন্ত চালাচ্ছে।