নিবন্ধিত হকার ছাড়া রাজধানীর রাস্তায় বসার সুযোগ নেই
রাজধানীর রাস্তায় রেজিস্ট্রার্ড বা নিবন্ধিত হকার ছাড়া আর কেউ বসতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। হকার সমস্যা সমাধানে আগামী এক সপ্তাহের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
রোববার (৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘হকার পুনর্বাসন ব্যবস্থাপনায় জাতীয় নীতিমালার বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, অতীতে বিভিন্ন সময়ে হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলেও সেগুলো কাঙ্ক্ষিতভাবে সফল হয়নি। এবার হকারদের শৃঙ্খলার মধ্যে আনতে তালিকা প্রণয়ন করা হবে এবং নিবন্ধিত হকারদের আইডি কার্ড বা পরিচয়পত্র দেওয়া হবে।
তিনি জানান, হকারদের জন্য নির্দিষ্ট দিনে হলিডে মার্কেট চালুর পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে হকারদের ব্যবসার সুযোগ দেওয়ার পাশাপাশি রাজধানীর সড়ক ও ফুটপাত ব্যবস্থাপনাকে আরও শৃঙ্খলার মধ্যে আনা হবে।
হকার পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে প্রতি সপ্তাহে বিভিন্ন হকার্স সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান তিনি। আলোচনার মাধ্যমে হকারদের সমস্যার একটি টেকসই ও সুষ্ঠু সমাধান বের করার চেষ্টা করা হবে বলে উল্লেখ করেন ডিএসসিসি প্রশাসক।


