রাজধানীতে একের পর এক বাসে আগুন, এবার বাড্ডায়
বাড্ডায় বাসে আগুন। ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার পর এবার মধ্য বাড্ডায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে মধ্য বাড্ডার ইউলুপের নিচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীতে এ ঘটনা ঘটে। বাসটি আলিফ এন্টারপ্রাইজের একটি স্টাফ বাস বলে জানিয়েছে পুলিশ।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হাসানুল জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে রাত ৭টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে। এটি একটি স্টাফ বাস। কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, আলিফ এন্টারপ্রাইজের বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। স্থানীয় কয়েকজনকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়।
এর আগে একই সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় সন্ধ্যা সোয়া ৭টার দিকে এবং মিরপুর-১ নম্বরে সাড়ে ৭টার দিকে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। ফলে স্বল্প সময়ের ব্যবধানে মিরপুর ও বাড্ডায় তিনটি বাসে আগুনের ঘটনা ঘটল।
অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. বিল্লাল (৩২) নামের এক রিকশাচালক আহত হয়েছেন।


