ডেঙ্গু নিয়ন্ত্রণে এবার ‘১০০ তে ১০০’ অভিযানে ডিএনসিসি

রাজধানী
ডেঙ্গু নিয়ন্ত্রণে এবার ‘১০০ তে ১০০’ অভিযানে ডিএনসিসি
২৬ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ কমাতে তিন মাসের বিশেষ অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরজুড়ে চলবে এ অভিযান। উড়ন্ত মশা নিধনের চেয়ে এবার মশার লার্ভা ধ্বংস ও প্রজননস্থল নির্মূলে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস জানান, ওয়ার্ডভিত্তিক ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে তথ্য সংগ্রহ করা হয়েছে। এর ফলে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ স্থানগুলো আরও সুনির্দিষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, বিশেষ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘১০০ তে ১০০’। কর্মসূচির আওতায় প্রতিদিন ১০০ জন স্বেচ্ছাসেবী মাঠে কাজ করবেন এবং ১০০ দিন ধরে ১০০টি হটস্পটে কার্যক্রম চালানো হবে। এসব এলাকায় মশার প্রজননস্থল শতভাগ নির্মূলের লক্ষ্য নিয়ে কাজ করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নাগরিকদের সচেতন করতেও উদ্যোগ নিয়েছে ডিএনসিসি। সিটি করপোরেশনের পক্ষ থেকে বাসাবাড়ি, আবাসিক সোসাইটি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ভবন, অফিস ও আদালতে সচেতনতামূলক চিঠি পৌঁছে দেওয়া হবে।

ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানান, নাগরিকদের নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল সম্পর্কে সতর্ক করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু বাইরে মশকনিধন ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বাসাবাড়ি ও আশপাশের জমে থাকা পানিতে থাকা এডিস মশার লার্ভা ধ্বংস করতে না পারলে সংক্রমণের ঝুঁকি থেকেই যাবে।

কীটতত্ত্ববিদ কবিরুল বাসার বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি এ কাজে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। প্রত্যেক নাগরিককে নিজের বাড়ি ও আঙিনা এমনভাবে পরিষ্কার রাখতে হবে, যাতে এডিস মশা প্রজননের সুযোগ না পায়।

সংশ্লিষ্টরা বলছেন, নিজেদের বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি মশকনিধন কর্মীদের সহযোগিতা করলে ডেঙ্গু নিয়ন্ত্রণের উদ্যোগ আরও কার্যকর হতে পারে।