‘আমার লাশের ওপর দিয়ে হলেও ফুটপাত দখলমুক্ত হবে’: ডিএনসিসি প্রশাসক

রাজধানী
‘আমার লাশের ওপর দিয়ে হলেও ফুটপাত দখলমুক্ত হবে’: ডিএনসিসি প্রশাসক
৩০ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান কোনোভাবেই বন্ধ হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেছেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনে ‘আমার লাশের ওপর দিয়ে হলেও’ ফুটপাত দখলমুক্ত করা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর-১০ নম্বর এলাকায় উচ্ছেদ অভিযান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীর সুবিধা নিশ্চিত করতে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে মিরপুর-১০ এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। এ সময় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে সিটি করপোরেশনের পরিবহন, সাংবাদিক ও কয়েকজন পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগ করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শফিকুল ইসলাম খান দাবি করেন, ফুটপাত দখল ও অভিযানে বাধা দেওয়ার পেছনে সাবেক সরকারের সময়ের সুবিধাভোগী ও তাদের সহযোগীরা জড়িত। তার অভিযোগ, পরিকল্পিতভাবে অরাজকতা তৈরির চেষ্টা করা হয়েছে এবং মসজিদে আগুন দেওয়ার ঘটনাও ঘটানো হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়ার কথা তিনি জানিয়েছেন।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ডিএনসিসি ও পুলিশের পক্ষ থেকে পৃথক মামলা করা হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

মিল্টন আরও বলেন, স্থানীয় সাধারণ মানুষের প্রতিরোধের মুখে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়েছে। নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত উদ্ধারের কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি বলেন, মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত করার পক্ষে রয়েছে—এ ঘটনার মধ্য দিয়ে সেটিই প্রমাণ হয়েছে। ভবিষ্যতে কারও ইন্ধনে আবার ফুটপাত দখলের চেষ্টা হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে ডিএনসিসির প্রশাসকের সঙ্গে মিরপুর জোনের বিভাগীয় উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, কাফরুল ও মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মইনুল হাসান এবং স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েসসহ সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।