পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, উত্তরায় দীর্ঘ যানজট

রাজধানী
পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, উত্তরায় দীর্ঘ যানজট

ছবি: সংগৃহীত

১৫ অক্টোবর ২০২৬

বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অবরোধে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষসহ সাধারণ যাত্রীরা।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, আজমপুর এলাকায় ছয় থেকে সাতটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে বর্তমান বেতনে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও সমাধান না পাওয়ায় তারা সড়কে নেমে বিক্ষোভ করতে বাধ্য হয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন।

এর আগে বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর এয়ারপোর্ট গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। সে সময় তারা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান।