অরিজিতের অবসরের ঘোষণার পরই , মুক্তি পেল ‘রয়না’
প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর ভক্তদের কৌতূহল ছিল তুঙ্গে। সেই জল্পনার মাঝেই নতুন চমক নিয়ে হাজির হলেন অরিজিৎ সিং। প্রকাশ পেল তাঁর প্রথম নিজস্ব সিঙ্গেল ‘রয়না’।
২৭ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া গানটি ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে দারুণ সাড়া ফেলেছে। নরম সুর, মেলোডিয়াস কম্পোজিশন আর অরিজিতের আবেগমাখা কণ্ঠ—সব মিলিয়ে ‘রয়না’ হয়ে উঠেছে শ্রোতাদের নতুন পছন্দ। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই গানটি বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে ট্রেন্ড করতে শুরু করে।
গানটির ঘোষণা দেন অরিজিৎ নিজে এবং সুরকার শেখর রাভজিয়ানি। ইনস্টাগ্রামে তারা লেখেন, “রয়না এখন তোমাদের। শুনুন, অনুভব করুন, আর রাতটাকে সঁপে দিন এই সুরের কাছে।” ট্র্যাকটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ, সুর ও সংগীতায়োজন করেছেন শেখর। গানের কথা লিখেছেন প্রিয়া সারাইয়া।
কমেন্ট সেকশনে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কেউ লিখেছেন, “অবশেষে অপেক্ষার অবসান!” আবার কেউ মন্তব্য করেছেন, “প্লেব্যাক ছাড়লেও আমাদের হৃদয়ে তুমি চিরকাল।” অনেকের মতে, ‘রয়না’ অরিজিতের ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ের সূচনা।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অরিজিৎ। তিনি জানান, নতুন কোনো সিনেমায় আর কণ্ঠ দেবেন না। তবে আগে রেকর্ড করা অপ্রকাশিত গানগুলো ধাপে ধাপে প্রকাশ পাবে।
এদিকে এক দিন সিনেমায় তাঁর কণ্ঠ শোনা যাবে, যেখানে অভিনয় করেছেন জুনায়েদ খান ও সাঁই পল্লবী। সিনেমাটি প্রযোজনা করছেন আমির খান।
সব মিলিয়ে, প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেও গান থেকে নয়—নিজস্ব সৃষ্টির মাধ্যমে নতুন যাত্রায় পা রাখলেন অরিজিৎ সিং। ‘রয়না’ সেই পথচলারই প্রথম সুরেলা পদক্ষেপ।


