লাইভে ছিল ৮২ হাজার ভক্ত, ‘শেষ ড্রাইভ’ করে আইসিইউতে ইউটিউবার
পারিবারিক অশান্তি ও মানসিক চাপে ভেঙে পড়ে লাইভে ‘শেষ ড্রাইভ’-এর ঘোষণা দিয়েছিলেন ভারতীয় ইউটিউবার ও ‘বিগ বস’-খ্যাত মোটোভ্লগার অনুরাগ ডোভাল। এরপর দ্রুতগতিতে গাড়ি চালিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে বর্তমানে তিনি আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার (৭ মার্চ) দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানোর সময় ইনস্টাগ্রামে লাইভে আসেন অনুরাগ। সে সময় প্রায় ৮২ হাজার ভক্ত তার লাইভ দেখছিলেন।
লাইভে তিনি ব্যক্তিগত জীবনের নানা দুঃখ-কষ্টের কথা বলতে বলতে আবেগাপ্লুত হয়ে পড়েন। এক পর্যায়ে গাড়ির গতি বাড়াতে থাকেন তিনি। ভিডিওতে দেখা যায়, অশ্রুসিক্ত চোখে মাকে উদ্দেশ করে তিনি বলেন—পরের জন্মে যেন তাকে একটু বেশি ভালোবাসা দেওয়া হয়।
এরপর গাড়ির গতি ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি বাড়িয়ে ডানদিকে ঘুরিয়ে ইচ্ছাকৃতভাবে রাস্তার ডিভাইডারে ধাক্কা দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এর কয়েকদিন আগে নিজের ইউটিউব চ্যানেলে ‘দ্য লাস্ট মেসেজ’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছিলেন অনুরাগ। সেখানে তিনি জানান, ভিন্ন জাতের এক মেয়েকে বিয়ে করা নিয়ে পরিবারের সঙ্গে তার দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এই পরিস্থিতিতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং হতাশায় ভুগছিলেন।
ঘটনার পর অনুরাগের ম্যানেজার রোহিত পাণ্ডে ইনস্টাগ্রামে এক বিবৃতিতে জানান, দুর্ঘটনার পর তাকে মেরঠের সুভারতি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক।
১৯৯৭ সালের ৩ মে দেরাদুনে জন্মগ্রহণ করা অনুরাগ ডোভাল জনপ্রিয় মোটোভ্লগার হিসেবে পরিচিত। ইউটিউবে তার অনুসারী প্রায় ৭.৯ মিলিয়ন এবং ইনস্টাগ্রামে ৭.৪ মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে। মোটরসাইকেল রাইডিং ও ট্রাভেল ভ্লগের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই কনটেন্ট ক্রিয়েটর ‘বিগ বস ১৭’-এ অংশ নেওয়ার পর আরও বেশি পরিচিতি পান।


