যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

বিনোদন
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
নিউজ ডেস্ক
২৯ এপ্রিল ২০২৬

দক্ষিণী সুপারস্টার যশ–এর নতুন সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস–এর মুক্তি আবারও পিছিয়ে গেছে। আগামী ৪ জুন ছবিটি প্রেক্ষাগৃহে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই পরিকল্পনা পরিবর্তন করেছে নির্মাতারা।

প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনস জানিয়েছে, ছবিটি বিশ্বজুড়ে বড় পরিসরে মুক্তি দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক পরিবেশকদের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার কাজ চলমান থাকায় মুক্তির সময় পিছিয়ে দেওয়া হয়েছে।

সম্প্রতি সিনেমা কন-এ ছবিটির বিশেষ উপস্থাপনা আন্তর্জাতিক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। সেই সাড়া কাজে লাগিয়ে আরও বিস্তৃতভাবে মুক্তির প্রস্তুতি নিচ্ছে নির্মাতারা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ছবিটির মুক্তি ১৯ মার্চ থেকে পিছিয়ে ৪ জুন নির্ধারণ করা হয়েছিল। এবার দ্বিতীয়বারের মতো পরিবর্তন হলো মুক্তির তারিখ।

ছবির সহ-রচয়িতা ও প্রযোজক যশ বলেন, এই সিনেমা কেবল বিনোদনের জন্য নয়, বরং দর্শকদের কাছে সিনেমার প্রতি ভালোবাসা নতুন করে তুলে ধরার একটি প্রয়াস। তিনি আরও জানান, বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমার অবস্থান আরও শক্তিশালী করতে তারা সর্বোচ্চ মান নিশ্চিত করতে চান।

গীতু মোহানদাস পরিচালিত এই ছবিতে যশের সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কোরেশি, রুক্মিণী বসন্ত এবং তারা সুতারিয়া।

কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত এই সিনেমাটি পরবর্তীতে বাংলাসহ বিভিন্ন ভাষায় ডাব করে মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে নতুন মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।