‘হিটওম্যান’ রূপে হাজির হুমা কুরেশি

বিনোদন
‘হিটওম্যান’ রূপে হাজির হুমা কুরেশি
নিউজ ডেস্ক
৯ জুন ২০২৬

বলিউডে ভাড়াটে খুনির চরিত্রে সাধারণত পুরুষ অভিনেতাদেরই দেখা যায়। সেই প্রচলিত ধারা ভেঙে এবার ‘হিটওম্যান’ চরিত্রে পর্দায় আসছেন হুমা কুরেশি। তার অভিনীত নতুন চলচ্চিত্র বেবি ডু ডাই ডু-এর টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

প্রকাশিত টিজারে দেখা যায়, মুম্বাই শহরের ব্যস্ত জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে রহস্য, অ্যাকশন ও থ্রিলারে ভরপুর একটি গল্প। ছবির কেন্দ্রীয় চরিত্র বেবি কারমারকার, যার ভূমিকায় অভিনয় করেছেন হুমা। লাল রঙের একটি ছাতা হাতে শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ালেও তার নীরব উপস্থিতির আড়ালে লুকিয়ে থাকে ভয়ংকর এক পরিচয়। সেই ছাতার মধ্যেই লুকানো থাকে অস্ত্র, যা দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটায় সে।

টিজারে চরিত্রটির রহস্যময় বর্তমানের পাশাপাশি তার বেদনাময় অতীতেরও আভাস মিলেছে। ফলে ছবিটি কেবল অ্যাকশননির্ভর নয়, বরং একটি জটিল মনস্তাত্ত্বিক গল্পও তুলে ধরবে বলে ধারণা করা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ছবিতে হুমার সঙ্গে আরও অভিনয় করেছেন সিকান্দার খের, চাঙ্কি পাণ্ডে, সীমা পাহওয়া, রচিত সিং এবং মারুধর শেখাওয়াত।

চলচ্চিত্রটির প্রযোজক সাকিব সেলিম বলেন, টিজারের মাধ্যমে দর্শকদের সামনে বেবির রহস্যময় জগতের প্রথম ঝলক তুলে ধরা হয়েছে। তার ভাষায়, গল্পের প্রতিটি চরিত্রই রহস্যের নতুন স্তর উন্মোচন করবে এবং দর্শকদের একটি অনিশ্চিত কিন্তু রোমাঞ্চকর যাত্রায় নিয়ে যাবে।

নচিকেত সামন্ত পরিচালিত বেবি ডু ডাই ডু আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটিতে হুমা কুরেশির ভিন্নধর্মী উপস্থিতি দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।