এআই নিয়ে উদ্বিগ্ন নন টম হল্যান্ড, জানালেন কারণ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত অগ্রগতি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনা চললেও এ বিষয়ে খুব একটা উদ্বিগ্ন নন হলিউড অভিনেতা টম হল্যান্ড। তার মতে, এআই কখনোই মানুষের সৃজনশীলতাকে পুরোপুরি প্রতিস্থাপন করতে পারবে না, কারণ এর মধ্যে মানবিক অনুভূতি ও আত্মার উপস্থিতি নেই।
সম্প্রতি স্পেনের জনপ্রিয় টক শো ‘এল হরমিগুয়েরো’-তে উপস্থিত হয়ে এআই নিয়ে নিজের মতামত তুলে ধরেন টম হল্যান্ড। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন অভিনেত্রী ও জীবনসঙ্গী জেন্ডায়াও।
টম বলেন, “সৃজনশীলতার মূল ভিত্তি মানুষের অভিজ্ঞতা, আবেগ এবং অনুভূতি। এআই বিপুল তথ্য বিশ্লেষণ করতে পারলেও মানুষের সুখ, দুঃখ কিংবা অনুভূতির গভীরতা উপলব্ধি করতে পারে না।”
তার ভাষ্য, একজন শিল্পী যখন কোনো শিল্পকর্ম তৈরি করেন, তখন তিনি শুধু অনুকরণ করেন না; বরং নিজের অভিজ্ঞতা, চিন্তা ও আবেগের প্রকাশ ঘটান। এ কারণেই সৃজনশীলতার ক্ষেত্রটি এখনো মানুষের জন্যই নিরাপদ বলে মনে করেন তিনি।
এআই সম্পর্কে নিজের অবস্থান ব্যাখ্যা করে ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা বলেন, “এআইয়ের কোনো আত্মা নেই। তাই এটি নিয়ে আমি খুব বেশি চিন্তিত নই।”
এদিকে বর্তমানে নতুন দুটি বড় বাজেটের চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন টম হল্যান্ড। আগামী ২৪ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে The Odyssey ছবির। এছাড়া এর এক সপ্তাহ পর প্রেক্ষাগৃহে আসবে Spider-Man: Brand New Day। দুটি ছবিতেই তার সহশিল্পী হিসেবে রয়েছেন Zendaya।


