‘মিডিয়ার ঝলমলে দুনিয়ার পেছনে অনেক সংগ্রাম’: বর্ষা
চলচ্চিত্র ও শোবিজ অঙ্গনকে বাইরে থেকে যতটা আকর্ষণীয় মনে হয়, বাস্তবে নারীদের জন্য সেই পথ ততটা সহজ নয় বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। তার ভাষায়, ক্যারিয়ারের শুরু থেকে ব্যক্তিগত জীবন—প্রতিটি ধাপেই নানা চ্যালেঞ্জ ও মানসিক চাপের মুখোমুখি হতে হয় নারী শিল্পীদের।
সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে বর্ষা বলেন, মিডিয়ায় কাজ করা নারীদের জীবনকে অনেকেই শুধুই গ্ল্যামারের চোখে দেখেন। কিন্তু সেই আলো ঝলমলে জগতের আড়ালে থাকে কঠোর পরিশ্রম, অনিশ্চয়তা এবং নানা ধরনের ত্যাগ, যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না।
আলাপচারিতায় নিজের ক্যারিয়ারের শুরুর দিকের একটি অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। বর্ষা জানান, চলচ্চিত্রে আসার আগেই মডেলিংয়ের একটি ফটোশুটের জন্য রাজশাহীতে গিয়েছিলেন। কাজ শেষ করলেও সেই কাজের পারিশ্রমিক আজও পাননি। তার মতে, এমন অভিজ্ঞতা শোবিজে কাজ করা অনেক নারীরই রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, নারী তারকাদের ব্যক্তিগত জীবন, পোশাক কিংবা ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে অহেতুক সমালোচনা প্রায়ই মানসিক চাপ তৈরি করে। ফলে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখাও কঠিন হয়ে পড়ে।
সংসার জীবন নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বর্ষা বলেন, একজন নারীকে সবসময় সবার মন জয় করতেই হবে—এমন ধারণার সঙ্গে তিনি একমত নন। তার বিশ্বাস, আগে নিজের মানসিক সুস্থতা ও ভালো থাকা নিশ্চিত করতে হবে। নিজে ভালো থাকলে পরিবার ও আশপাশের মানুষও ইতিবাচকভাবে উপকৃত হন।
পডকাস্টে সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথাও জানান বর্ষা। তিনি বলেন, নিজের উপার্জন ও সঞ্চয়ের অর্থ থেকে প্রতি বছর দুই থেকে তিনজনকে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ার চেষ্টা করেন, যা তাকে মানসিক শান্তি ও আত্মতৃপ্তি দেয়।
উল্লেখ্য, বর্ষা অভিনীত বাংলাদেশ-তুরস্কের যৌথ প্রযোজনার অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘নেত্রী দ্য লিডার’ মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। ছবিটি চলতি বছরে মুক্তির পরিকল্পনা থাকলেও এখনো আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।


