২৪ জুলাই ঢাকার মঞ্চে ফিরছেন আতিফ আসলাম
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’।
আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনকরপোরেটেড’ জানিয়েছে, গত বছর অনিবার্য কারণে স্থগিত হওয়া কনসার্টটি এবার নতুন তারিখে আয়োজন করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরই নতুন সূচি চূড়ান্ত করা হয়েছে।
প্রতিষ্ঠানটির ভাষ্য, কনসার্ট স্থগিত হওয়ার সময় দর্শকদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এবার সেই প্রতিশ্রুতিই বাস্তবায়ন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ধৈর্য ধরে অপেক্ষা করা দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা জানিয়েছে, গত বছরের অসমাপ্ত আয়োজন এবার পূর্ণতা পাবে।
আয়োজকরা আরও জানিয়েছেন, গত বছরের কনসার্টের টিকিটধারীদের জন্য কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই নতুন টিকিট ইস্যু করা হবে। ফলে আগের টিকিটধারীরা নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না।
এদিকে নিজের ফেসবুক পোস্টে আতিফ আসলামও ঢাকার কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২৪ জুলাই রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় অনুষ্ঠিতব্য এই কনসার্টে তিনি অংশ নেবেন। ফলে প্রিয় শিল্পীকে সরাসরি উপভোগ করতে আবারও অপেক্ষার প্রহর গুনছেন দেশের সংগীতপ্রেমীরা।


