‘এই কথাগুলো বুঝতে আমার ৩৩ বছর লেগেছে’, জীবনের চার শিক্ষা জানালেন জোভান

বিনোদন
‘এই কথাগুলো বুঝতে আমার ৩৩ বছর লেগেছে’, জীবনের চার শিক্ষা জানালেন জোভান
১০ আগস্ট ২০২৬

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। ব্যক্তিজীবনের নানা ভাবনা, অভিজ্ঞতা ও উপলব্ধি মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার নিজের জীবনের চারটি গুরুত্বপূর্ণ উপলব্ধির কথা জানিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেতা।

সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টের শুরুতেই জোভান লিখেছেন, ‘এই কথাগুলো বুঝতে আমার ৩৩ বছর লেগে গেছে।’ এরপর মানুষের আচরণ, শত্রুতা, সমালোচনা এবং নেতিবাচকতাকে ঘিরে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

জোভানের প্রথম উপলব্ধি, কেউ যদি কাউকে নিজের শত্রু মনে না করে, তাহলে হয়তো সে এখনো জীবনে বড় কোনো অবস্থানে পৌঁছাতে পারেনি। তার মতে, মানুষের এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিরোধিতা বা প্রতিদ্বন্দ্বিতাও অনেক সময় তৈরি হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দ্বিতীয়ত, কেউ যদি কারও পেছনে কথা না বলে, তার অর্থ হতে পারে ওই ব্যক্তি এখনো তার জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি—এমনই মনে করেন অভিনেতা।

নেতিবাচক আচরণের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে নিয়েছেন জোভান। কেউ যদি অন্য কাউকে নিচে নামানোর চেষ্টা করে, তাহলে সেটি বরং ওই ব্যক্তির অবস্থান সম্পর্কে একটি ইঙ্গিত হতে পারে। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘ঘৃণা সবসময় নিচ থেকে আসে, কখনো ওপর থেকে নয়।’

সমালোচনা ও সন্দেহকেও ইতিবাচকভাবে দেখার পরামর্শ দিয়েছেন জোভান। তার মতে, কেউ যদি তাকে নিয়ে সন্দেহ প্রকাশ করে, সেটিও হয়তো তার কাজ বা অবস্থান যে মানুষের নজরে এসেছে, তার একটি ইঙ্গিত।

পোস্টের শেষদিকে রসিকতা করে জোভান লিখেছেন, ‘তোমার হেটাররাই আসলে তোমার সবচেয়ে বড় ভক্ত।’ তার মতে, কেউ যদি একজন মানুষকে নিয়ে এত সময় ব্যয় করে লেখালেখি বা সমালোচনা করে, তাহলে কোনো না কোনোভাবে সেই ব্যক্তির প্রতিই তার মনোযোগ রয়েছে।

জোভানের এই পোস্টে উঠে এসেছে তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা অভিজ্ঞতা থেকে পাওয়া উপলব্ধি। সমালোচনা, বিরোধিতা কিংবা নেতিবাচকতাকে হতাশার কারণ না বানিয়ে এগুলোকে নিজের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে দেখার বার্তাই দিয়েছেন তিনি। পোস্টটি প্রকাশের পর তার ভক্তদের মধ্যেও এ নিয়ে বেশ আগ্রহ দেখা গেছে।