সরকারের ছয় মাসের মূল্যায়ন, ‘মোটা দাগে ব্যর্থ’: জামায়াত
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার প্রথম ছয় মাসেই ‘ফ্যাসিস্টের দেখানো পথেই হাঁটছে’ এবং মোটা দাগে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, দেশের বর্তমান পরিস্থিতি সেই দিকেই এগোচ্ছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে বিএনপি সরকারের ছয় মাসের কার্যক্রম মূল্যায়ন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, যেসব সৎ ও যোগ্য কর্মকর্তাকে সরকার নিজেদের লোক মনে করছে না, তাদের বিভিন্ন স্থানে বদলি করা হচ্ছে কিংবা ওএসডি করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড প্রশাসনে বৈষম্য ও অনাস্থার পরিবেশ তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।
তবে অর্থনীতির রিজার্ভ বৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করে কমিটি গঠন করায় সরকারকে ধন্যবাদ জানান জামায়াতের এই নেতা।
রিজার্ভ বৃদ্ধির প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, এর পেছনে সরকারের বিশেষ কোনো ভূমিকা নেই। প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠানোর কারণেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া প্রস্তাব সরকার গ্রহণ করেছে এবং এ বিষয়ে কমিটি গঠন করেছে। এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা মহানগর উত্তর শাখার সেক্রেটারি রেজাউল করিম এবং প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


